আনন্দ কুমার জানিয়েছেন, রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলাকালীনই তারকা ফুটবলারের জীবনীর উপরে ভিত্তি করে সিনেমা বানানোর পরিকল্পনা মাথায় আসে।
বায়োপিকের জমানা! আর সেই স্পর্শ থেকে দূরে থাকেন কী করে ভাইচুং ভুটিয়া। বলিউডের বড় পর্দাতেই এবার প্রত্যাবর্তন ঘটছে ‘পাহাড়ি বিছে’-র। পরিচালক আনন্দ কুমার। সঞ্জয় দত্ত-বিবেক ওবেরয় অভিনীত ‘জিলা গাজিয়াবাদ’ (২০১৩), দিল্লি হাইটস (২০০৭), ‘জুগ্গত’ (২০০৯)-এর মতো সিনেমা পরিচালনা করেছেন আনন্দ কুমার। এবার কিংবদন্তি ভারতীয় ফুটবলারের জীবনের উপরে ভিত্তি করে সিনেমা পরিচালনা করবেন আনন্দ।
ভারতীয় ফুটবল মাতিয়েছেন দেড় দশকেরও বেশি সময় ধরে। দুই প্রধান ক্লাবেই খেলেছেন। আবার ইউরোপেও নিজের দক্ষতা দেখিয়ে এসেছেন। জাতীয় দলের অধিনায়কও হয়েছিলেন। রং-বেরংয়ের ভাইচুংকে পর্দায় ফুটিয়ে তোলাই আপাতত চ্যালেঞ্জ পরিচালকের কাছে।
মুম্বইতে প্রকাশ করা এক বিবৃতিতে ভাইচুং বলেছেন, ‘‘দেশের সমর্থকরা আমার জীবনের যাত্রা দেখতে আগ্রহী। এতে আমি সম্মানিত। আনন্দ আমার কাহিনি ভাল ভাবে ফুটিয়ে তুলবে, এই বিষয়ে আমি নিশ্চিত। সিকিমের ছোট্ট শহর থেকে উঠে এসেছি। আমার স্বপ্নই ছিল জাতীয় দলের হয়ে খেলার। তাছাড়া আমি একটি পেশাদারি দলের মালিক হওয়ার ইচ্ছে ছিল। সেই স্বপ্নও পূরণ হয়েছে ইউনাইটেড সিকিম দলের মাধ্যমে।’’
আনন্দ কুমার জানিয়েছেন, রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলাকালীনই ভাইচুংয়ের জীবনীর উপরে ভিত্তি করে সিনেমা বানানোর পরিকল্পনা মাথায় আসে। পর্দার ভাইচুং কে হতে চলেছেন, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছোননি তিনি। এর আগে একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব— ধোনি, সচিন, আজাহারউদ্দিন, মেরি কম, মিলখা সিংহ-দের বায়োপিক নির্মাণ করা হয়েছে। সাইনা নেহওয়াল, বাঙালি ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যেতে পারে। এর মধ্যেই বড় খবর ভারতীয় ফুটবলের জন্য।
দেশের ফুটবলের রোল মডেল বহুদিন। পদ্মশ্রীও পেয়েছেন। এবার পর্দার ভাইচুং দর্শক-সমর্থকদের কতটা মন জয় করতে পারে, সেটাই আপাতত দেখার।

Comments
Post a Comment