'হিন্দিই পারে দেশকে একসূত্রে গাঁথতে,' এক দেশ এক ভাষার পক্ষে সওয়াল অমিত শাহের

এক দেশ, এক ভাষা-র পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেন, ভারত একাধিক ভাষার দেশ৷ প্রতিটি ভাষারই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্ব রয়েছে৷

হিন্দি ভাষার উপর জোরাল সওয়াল করলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শনিবার হিন্দি দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে অমিত শাহের বক্তব্য, এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি৷ বিশ্বের কাছে নিজেদের পরিচিত করতে, এক ভাষাই থাকা উচিত৷ তাঁর দাবি, হিন্দি ভাষাই পারে ভারতকে এক সূত্রে গাঁথতে৷

'এক দেশ, এক ভাষা'-র পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেন, 'ভারত একাধিক ভাষার দেশ৷ প্রতিটি ভাষারই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্ব রয়েছে৷ কিন্তু একটি সাধারণ ভাষা থাকা উচিত দেশের৷ বিশ্বের দরবারে দেশের পরিচিতির জন্য এটা জরুরি৷ আজ যদি একটি ভাষা দেশকে একসূত্রে গাঁথতে পারে, তা হল হিন্দি ভাষা৷'

গত জুনে নতুন শিক্ষা নীতি ২০১৯-এর খসড়া বিতর্ক তৈরি করেছিল৷ বিশেষ করে হিন্দি ভাষার বিরুদ্ধে গর্জে উঠেছিল দক্ষিণ ভারত৷ ওই খসড়া প্রস্তাবে ছিল, দেশের প্রতিটি স্কুলে হিন্দি পড়ানো আবশ্যিক৷ যা মেনে নেয়নি তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারত৷ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও কর্নাটকেও প্রতিবাদ হয়েছিল৷ বিতর্কের মুখে শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷

Comments